বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের করের আওতায় আনতে বিনিয়োগ বোর্ড এবং বেপজাকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআরের কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশি নাগরিক কাজ করলেও তারা যথাযথ কর দিচ্ছেন না– এমন ধারণা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, বিদেশিদের বাংলাদেশে কাজ করার সুযোগ আছে। কিন্তু তারা যদি করযোগ্য আয় করেও কর পরিশোধ না করেন – তাহলে আয়কর আইন অনুযায়ী সেটা একটা অপরাধ।
বাংলাদেশে ঠিক কত বিদেশি নাগরিক কাজ করেন তার কোনো সঠিক সংখ্যা নেই।
তবে তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত বিদেশির সংখ্যা চার লাখের মতো হতে পারে বলে বিনিয়োগ বোর্ড সূত্রে ধারণা পাওয়া গেছে। এদের অনেকেই যথাযথ আয়কর দেন না বলে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এনবিআরের কাজই হলো বাংলাদেশে যারা করযোগ্য আয় করছেন, তাদেরকে করের আওতায় নিয়ে আসা। বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশে অনেক প্রতিষ্ঠানেই বিদেশিরা কাজ করছেন। তারা আয় করছেন, কিন্তু আয়কর পরিশোধ করছেন না।
ঠিক কি পরিমাণ আয়কর এভাবে ফাঁকি দেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংখ্যা অনেক বড় হবে, তবে তিনি অনুমাননির্ভর কোনো কথা বলতে চান না।
তিনি বলেন, গত বাজেটের সময় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে যেসব প্রতিষ্ঠানে অবৈধভাবে লোক নিয়োগ করবে তাদের বিরুদ্ধে কর সুবিধা প্রত্যাহার বা জেল-জরিমানার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিনিয়োগ বোর্ড এবং বেপজা (বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি)-কে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
No comments:
Post a Comment