৮৫২০ টাকায় একমি’তে আইপিও আবেদন
একমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতি আবেদনের জন্য জমা দিতে হবে ৮ হাজার ৫২০ টাকা। ড্রাফট প্রসপেক্টাস জমা দেয়ার পর আইপিও আবেদনের দিন নির্ধারণ করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্ধারিত দামেই আইপিওতে শেয়ার কিনতে হবে সাধারণ বিনিয়োগকারীদের।
আইপিওতে প্রতিটি লটে থাকবে ১০০টি শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিলামে ৮৫ টাকা ২০ পয়সা দরে শেয়ার কেনার প্রস্তাব করেছে। সে হিসাবে প্রতিটি লটের জন্য ৮ হাজার ৫২০টাকা গুণতে হবে সাধারণ বিনিয়োগকারীদের।
বুক বিল্ডিং আইন ২০০৬ অনুযায়ী নিলাম শেষ হওয়ার ৫ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে ড্রাফট প্রসপেক্টাস জমা দিতে হবে ইস্যু-ম্যানেজারকে। ওই প্রসপেক্টাস দেখে আইপিও আবেদনের দিন নির্ধারণ করবে সংস্থাটি।
একমি ল্যাবরেটরিজ লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতিতে ৫ কোটি শেয়ার বিক্রি করছে। শেয়ারের ৪০ শতাংশ বা ২ কোটি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত।
নিলামে মোট ১০ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৮০০ শেয়ারের দর বিভিন্ন হারে দর প্রস্তাব করে ১৯৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বোচ্চ ৮৫ টাকা ২০ পয়সা দরে নয় কোটি ৭৪ লাখ ৪২ হাজার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করা হয়। এর মূল্য দাঁড়ায় ৮৩০ কোটি ২১ লাখ টাকা।
No comments:
Post a Comment